তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংও বাঁচাতে পারল না বাংলাদেশকে। টপ অর্ডারের চরম ব্যর্থতা এবং আইরিশ বোলার ম্যাথিউ হামফ্রেসের তোপে ঘরের মাঠে বড় হারের স্বাদ পেল টাইগাররা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম) অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভয়াবহ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে দলীয় মাত্র ১৮ রানেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসান—কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
মিডল অর্ডারে জাকের আলীর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন তৌহিদ হৃদয়। জাকের ২০ রান করে ফিরলে আবারও চাপে পড়ে দল। একপর্যায়ে আইরিশ স্পিনার ম্যাথিউ হামফ্রেসের এক ওভারেই ৩ উইকেট হারালে বাংলাদেশের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। তবে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান হৃদয়। ডানহাতি এই ব্যাটার ৫০ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে ধস নামান ম্যাথিউ হামফ্রেস। তিনি ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন।
এর আগে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টালিং ও টিম টেক্টর ৪.২ ওভারে ৪০ রান তোলেন। তানজিম হাসান সাকিব ২১ রানে থাকা অধিনায়ক স্টালিংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। এরপর রিশাদ হোসেনের বলে আউট হন ৩২ রান করা টিম টেক্টর।
আরও পড়ুন: সংবাদ সম্মেলনে দল ঘোষণা নিয়ে লিটনের ক্ষোভ প্রকাশ
তবে এরপর দলের হাল ধরেন হ্যারি টেক্টর। তিনি শেষ পর্যন্ত ব্যাট করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। হ্যারি টেক্টর ৪৫ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া কার্টিস ক্যাম্ফার ২৪ ও লোরকান টাকার ১৮ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ২টি এবং শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন ১টি করে উইকেট লাভ করেন।


















































































































































































































































































































































































































































