প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-trump-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে ‘তৃতীয় বিশ্বের দেশ’ বলতে তিনি কোন দেশগুলোকে নির্দিষ্টভাবে বুঝিয়েছেন, তা এখনো পরিষ্কার করেননি।

ওয়াশিংটনে একজন আফগান নাগরিক দুজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার একদিন পরই গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এই বড় ঘোষণা দিলেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।”

মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে আরও উল্লেখ করেছেন যে, তাঁর পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া ‘লাখ লাখ’ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। এছাড়াও, যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন, এমন যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছিল যে, ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের গ্রিনকার্ড পর্যালোচনা করে দেখা হবে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগের (ইউএসসিআইএস) প্রধান জোসেফ এডলো বলেছেন, প্রেসিডেন্ট তাঁকে ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা ১৯টি দেশ থেকে আসা প্রত্যেক নাগরিকের গ্রিনকার্ড কঠোরভাবে পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *