ফরাসি তারকা উসমান দেম্বেলে প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের এই ফরোয়ার্ড স্পেনের লামিনে ইয়ামাল এবং ব্রাজিলের রাফিনিয়াকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেন। মঙ্গলবার কাতারের দোহায় আয়োজিত ফিফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
একই অনুষ্ঠানে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি টানা তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন।
গত মৌসুমে পিএসজির ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ে দেম্বেলে ছিলেন অন্যতম প্রধান নায়ক। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড, যার মধ্যে লিগ ওয়ানে ২১ গোল করে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হন। সেপ্টেম্বরে তিনি ব্যালন ডি’অরও জিতেছিলেন। পিএসজির ঘরোয়া সব শিরোপা জয় এবং ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পথেও তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ।
নারী ফুটবলে আইতানা বনমাতি এ বছরও নিজের আধিপত্য বজায় রেখেছেন। চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি টানা তৃতীয়বার নারী ব্যালন ডি’অর জিতেছেন। তার নেতৃত্বে বার্সেলোনা ঘরোয়া ট্রেবল জিতেছে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছেছে। আন্তর্জাতিক পর্যায়ে স্পেনকে ইউরো ২০২৫-এর ফাইনালে তুললেও টাইব্রেকারে ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েছে দলটি। তবে পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
অন্যান্য পুরস্কার বিজয়ী:
- সেরা পুরুষ কোচ: লুইস এনরিকে (পিএসজি)
- সেরা নারী কোচ: সারিনা উইগম্যান (ইংল্যান্ড, পঞ্চমবার)
- সেরা পুরুষ গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি)
- সেরা নারী গোলরক্ষক: হান্না হ্যাম্পটন (চেলসি ও ইংল্যান্ড)
- পুস্কাস অ্যাওয়ার্ড (সেরা পুরুষ গোল): সান্তিয়াগো মন্তিয়েল (ইন্ডিপেন্ডিয়েন্তে)
- ফিফা মার্তা অ্যাওয়ার্ড (সেরা নারী গোল): লিজবেথ ওভালে (মেক্সিকো)


















































































































































































































































































































































































































































