বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর দ্বাদশ আসরে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ও সাবেক জাতীয় পেসার মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে মাঠে আসেন জাকি। খেলোয়াড়দের ওয়ার্মআপে সহায়তা করছিলেন তিনি। হঠাৎ ডাগআউটের কাছে ঢলে পড়েন। দলের ফিজিও সম্ভাব্য হার্ট অ্যাটাক বুঝতে পেরে তৎক্ষণাৎ সিপিআর দেন এবং সাড়াও পান। কিন্তু দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হার্ট অ্যাটাকে মাটিতে লুটিয়ে পড়ার পর ফিজিওর সিপিআরে সাময়িক সাড়া দিলেও শেষ রক্ষা হয়নি।
মাহবুব আলী জাকি বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে নামেন। বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদসহ অনেক পেসারের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে জাকির তত্ত্বাবধানে অ্যাকশন শুধরানোর কাজ করেন। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়েও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহবুব আলী জাকির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।


















































































































































































































































































































































































































































