বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিসিসিআই সভাপতি মিথুন মানহাস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। রোববার রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের ভিড়ের মধ্যেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
সাংবাদিকরা বারবার প্রশ্ন করলেও মানহাস হাসিমুখে বলেন, “আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।” এর বেশি কোনো কথা বলেননি তিনি।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয়, তারা ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না। এর একদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন প্রত্যাখ্যান করে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বৈশ্বিক সংস্থাটির বিরুদ্ধে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তোলেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, পাকিস্তানে না গিয়ে ভারতের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ইএসপিএনক্রিকইনফোকে আমিনুল ইসলাম বলেন, “গত ফেব্রুয়ারিতে একটি দেশ চ্যাম্পিয়নস ট্রফির জন্য অন্য দেশে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করেছিল। দলটি সব ম্যাচ এক ভেন্যুতেই খেলেছে, একই হোটেলে থেকেছে—এটি ছিল বিশেষ সুবিধা।”
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির মুখোমুখি হবে। সেখানেই ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার পর বাংলাদেশ যাবে মুম্বাইয়ে, যেখানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে।


















































































































































































































































































































































































































































