হ্যারি ব্রুক-harry brook-newsedge24
  • January 31, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

নিউজিল্যান্ড সফরের সময় ওয়েলিংটনের একটি নাইটক্লাবে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির ঘটনায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের অবস্থান নতুন দিকে মোড় নিয়েছে। গত বছরের অক্টোবরে তৃতীয় ওয়ানডের আগের দিন ঘটে যাওয়া এই ঘটনায় ব্রুক প্রথমে দাবি করেছিলেন, তিনি একাই ছিলেন। কিন্তু এবার তিনি স্বীকার করেছেন—সতীর্থ জ্যাকব বেথেল ও জশ টাংও সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে রক্ষা করতেই তিনি মিথ্যা বলেছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, এই স্বীকারোক্তির পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ব্রুকসহ তিন ব্যাটার ও পেসারের বিরুদ্ধে চলমান তদন্তে নতুন মোড় এসেছে।

শুক্রবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ব্রুক বলেন “ওয়েলিংটনে আমার আচরণের দায় পুরোপুরিভাবে আমি নিচ্ছি এবং স্বীকার করছি যে, সে রাতে অন্যরাও সেখানে ছিল। আমি আমার আগের মন্তব্যের জন্য অনুতপ্ত। আমি শুধু চেয়েছিলাম আমার সতীর্থদেরকে রক্ষা করতে, যাতে আমার নিজের সিদ্ধান্তের জন্য তৈরি হওয়া ঘটনায় ওদেরকে টেনে আনা না হয়।”

ঘটনাটি ঘটেছিল গত বছর ৩১ অক্টোবর। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন একটি নাইটক্লাবে প্রবেশের সময় অতিরিক্ত মদ্যপ অবস্থায় থাকায় ব্রুককে ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। তর্কাতর্কির এক পর্যায়ে একজন বাউন্সার তাকে ঘুসি মারেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে ব্রুক নিজেই ইসিবিকে জানান। ইসিবির আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়। এমনকি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়াও চলেছিল। শেষ পর্যন্ত তাকে শেষবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

ব্রুকের ক্ষমাপ্রার্থনা

ক্ষমা প্রার্থনা করে ব্রুক বলেন, “আমি ক্ষমা চেয়েছি এবং বিষয়টি আমাকে ভাবাবে। এটি আমার ক্যারিয়ারে চ্যালেঞ্জিং এক সময় ছিল, যেখান থেকে আমি শিখছি। নেতৃত্ব ও অধিনায়কত্বের সঙ্গে সম্পর্কিত মাঠের বাইরের দায়িত্ব সম্পর্কে আমার আরও শেখার প্রয়োজন আছে, আমি তা বুঝতে পেরেছি। এ জায়গায় নিজেকে আরও গড়ে তুলতে এবং ব্যক্তিগত ও পেশাগতভাবে উন্নতির জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকব।”

ইসিবি এখনও আনুষ্ঠানিকভাবে নতুন কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ব্রুকের এই স্বীকারোক্তি তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *