tarique rahman-তারেক রহমান-newsedge24

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, এই ঘাঁটিকে দেখে রাখবেন, এই ঘাঁটির জনগণকে দেখে রাখবেন। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম।’

আজ শনিবার বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভায় প্রথমে স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন তারেক রহমান।

তিনি বলেন, ‘এখানে কোনো কোনো বক্তা বলেছেন, ভোটারের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার বগুড়া-৬ আসনে প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের না। কারণ, সারা দেশে নির্বাচনী প্রচারণায় আমাকে যেতে হচ্ছে।’

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)-এর সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ।

এই মতবিনিময় সভা বগুড়া-৬ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *