বিশ্বকাপ-চ্যাম্পিয়ন-ভারত-newsedge24
  • March 9, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। স্বাগতিক দেশ হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাসও গড়ল সূর্যকুমার যাদবের দল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের দেওয়া ২৫৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড সংগ্রহ গড়ে ভারত। ওপেনার অভিষেক শর্মার ১৮ বলের বিধ্বংসী ফিফটি (৫২) এবং সঞ্জু স্যামসনের ৮৯ রানের (৪৬ বল) মারকুটে ইনিংস খেলেন। স্যামসনের ইনিংসে ছিল সাত চার ও পাঁচটি বিশাল ছক্কার মার। এছাড়া ইশান কিশান ৫৪ এবং শেষ দিকে শিবম দুবের ৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস ভারতকে বড় সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করে।

লক্ষ্য তাড়া করতে নামার পর শুরু থেকেই চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কিউই টপ অর্ডার দাঁড়াতে পারেনি। মিচেল স্যান্টনার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ৩৫ বলে ৪৩ রান করা স্যান্টনারকে বোল্ড করেন জসপ্রিত বুমরাহ। ১৮.৬ ওভারে ১৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

বুমরাহ ফাইনালে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন। তার ইয়র্কার ও স্লোয়ারে কিউই ব্যাটাররা রীতিমতো খাবি খেয়েছে। স্পিন আক্রমণে অক্ষর প্যাটেলও ছিলেন দুর্দান্ত—তিনি তুলে নেন ৩ উইকেট। জ্যাকব ডাফিকে তিলক ভার্মার ক্যাচে পরিণত করে ভারতের জয় নিশ্চিত করেন পার্ট-টাইম স্পিনার অভিষেক শর্মা।

টুর্নামেন্টজুড়ে ভারত মোট ৯৮টি ছক্কা হাঁকিয়েছে—যা এক আসরে যেকোনো দলের জন্য রেকর্ড। ভারত এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল দলগুলোর একটি হিসেবে স্থান করে নিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (সঞ্জু স্যামসন ৮৯, অভিষেক শর্মা ৫২, ইশান কিশান ৫৪) নিউজিল্যান্ড: ১৮.৬ ওভারে ১৫৯ (মিচেল স্যান্টনার ৪৩, জসপ্রিত বুমরাহ ৪/১৫, অক্ষর প্যাটেল ৩/২৮)

ফল: ভারত ৯৬ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *