সরকারি প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে একদিনে পাঁচজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত আইজিপিরা হলেন—আবু হাসান মুহাম্মদ তারিক, আবদুল আলীম মাহমুদ, মাসুদুর রহমান ভূঞা, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল তওফিক মাহবুব চৌধুরী।
প্রজ্ঞাপন অনুসারে, আবু হাসান মুহাম্মদ তারিক ও আবদুল আলীম মাহমুদ দীর্ঘদিন ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ছিলেন। মাসুদুর রহমান ভূঞা পুলিশ সদর দপ্তরের টিআর (ট্রেনিং রিজার্ভ) পদে কর্মরত ছিলেন। কুসুম দেওয়ান নৌ পুলিশের দায়িত্বে ছিলেন এবং তওফিক মাহবুব চৌধুরী বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন পুলিশের উচ্চ পর্যায়ে পরিবর্তন আসছে
সরকারের এই সিদ্ধান্তকে অনেকে প্রশাসনে ‘পরিচ্ছন্নতা’ ও ‘নতুন গতি আনার’ প্রচেষ্টা হিসেবে দেখছেন। তবে কিছু ক্ষেত্রে এটি পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় ও নতুন নেতৃত্ব গঠনের অংশ বলেও মনে করা হচ্ছে। অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































