প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরে সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ-newsedge24
  • April 18, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

আগামী সোমবার আর্থনা সম্মেলনে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তাঁর সঙ্গে যাচ্ছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ—ফুটবলার আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, এটিই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে নারী ক্রীড়াবিদদের একটি দল সঙ্গী হতে যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই চার ক্রীড়াবিদ। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে তাঁরা এই সফরে অংশ নিচ্ছেন। আমন্ত্রণ পাওয়া ক্রীড়াবিদরা বলেন, “এই সফরের জন্য আমরা ভীষণ আনন্দিত। আমাদের টিমমেটরাও আমাদের এই সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত।”

ফুটবলার আফঈদা ও শাহেদা জানান, “দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ আমাদের খুব কম হয়। আমরা কাতার নারী ফুটবল দলকে প্রীতি ম্যাচের জন্য আমন্ত্রণ জানাতে চাই এবং তাদের খেলাধুলার সুযোগ-সুবিধা ঘুরে দেখতে চাই।”

ক্রিকেটার সুমাইয়া ও শারমিন বলেন, “কাতারে ক্রিকেট খুব জনপ্রিয় নয়। আমরা এই সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করব। বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেট দলের গল্প তুলে ধরব এবং এজন্য একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাব।”

বৈঠকে ক্রীড়াবিদরা তাঁদের জীবনসংগ্রামের গল্প প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন এবং রাষ্ট্রীয় সফরে সঙ্গী হওয়ার সুযোগ দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের গল্প তাদের কাছে তুলে ধরো। তোমরাই এ দেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। সেখানে তোমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্ব করবে। তোমাদের সঙ্গে নিতে পেরে আমিও খুব আনন্দিত।”

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সফর সফল করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *