শুক্রবার ফরেন সার্ভিস ডে উপলক্ষ্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আরাকান আর্মি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে সরাসরি আলোচনা করতে পারছে না, কারণ তাদের কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি নেই। একই সঙ্গে তাদের এড়িয়ে গিয়েও এই সংকটের সমাধান সম্ভব নয়।
প্রবাসীদের সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, দূতাবাসগুলোর সীমাবদ্ধতা থাকলেও মানুষের সেবাকে অগ্রাধিকার দিতে হবে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ৮০ শতাংশ সমস্যা দেশের অভ্যন্তরে তৈরি হয়, যা পরে দূতাবাসগুলোকে মোকাবিলা করতে হয়। তিনি পরামর্শ দেন, প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে কর্মীদের বিদেশে পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কমবে এবং দূতাবাসগুলোর ওপর চাপও হ্রাস পাবে।
রেমিটেন্স প্রসঙ্গে তৌহিদ হোসেন উল্লেখ করেন, ১৯৮০-এর দশকে দেশের রপ্তানি ছিল মাত্র এক বিলিয়ন ডলার, যা এখন ৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে দূতাবাসগুলোর কিছুটা অবদান রয়েছে। তিনি আরও বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এক কোটি প্রবাসী দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































