বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ম্যাচে হেলমেট টানাটানি-newsedge4
  • May 31, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে দ্বিতীয় চার দিনের ম্যাচে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা ও শারীরিক সংঘর্ষের ঘটনায় তিন ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইসিসি কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে বাংলাদেশের রিপন মণ্ডল এবং দক্ষিণ আফ্রিকার ইনোসেন্ট এনতুলি ও মিকায়েল প্রিন্সকে সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৮ মে), বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংসের ১০৫তম ওভারে। দক্ষিণ আফ্রিকার স্পিনার ইনোসেন্ট এনতুলির বলে রিপন মণ্ডল ছক্কা মারেন। এরপর রিপনের ‘বাজে ভাষা’ ব্যবহারের কারণে এনতুলি উত্তেজিত হন এবং তার দিকে এগিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হলে এনতুলি রিপনের হেলমেট ধরে টান দেন, যার ফলে রিপন প্রায় নুইয়ে পড়েন। এ সময় দক্ষিণ আফ্রিকার আরেক খেলোয়াড় মিকায়েল প্রিন্স রিপনের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন। দুই বল পর এনতুলি রিপনের দিকে বল ছুড়ে মারেন, যা রিপন ব্যাট দিয়ে প্রতিহত করেন।

আইসিসি কোড অব কন্ডাক্ট অনুযায়ী, রিপন মণ্ডল ‘অপমানজনক ভাষা’ ব্যবহারের জন্য দুটি সাসপেনশন পয়েন্ট, এনতুলি শারীরিক ধাক্কা ও হেলমেট টানার জন্য চারটি সাসপেনশন পয়েন্ট, এবং মিকায়েল প্রিন্স তর্কে জড়ানো ও আঙুল উঁচানোর জন্য একটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন। ম্যাচ রেফারি সেলিম শাহেদ জানান, “শাস্তির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)-কে জানানো হয়েছে। সিরিজে আর ম্যাচ না থাকায় বোর্ডগুলো পরবর্তী ব্যবস্থা নেবে। দক্ষিণ আফ্রিকার ম্যানেজারকে ভিডিও প্রমাণসহ ই-মেইল পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *