গতকাল রাতে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে দর্শক ও খেলোয়াড়রা হতাশ হলেও বাংলাদেশ দলের তারকা হামজা চৌধুরী আশাবাদী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। তবে দল ও জাতি হিসেবে আমরা গর্বিত। ইতিবাচক থাকতে হবে, কারণ আমরা সবে শুরু করছি। ইনশা আল্লাহ, আমরা শিগগিরই লক্ষ্যে পৌঁছে যাব।’
ম্যাচের পর ভোরে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন হামজা। তাঁর সঙ্গে একই ফ্লাইটে ছিলেন সিঙ্গাপুর ম্যাচে অভিষেক করা শমিত সোম, যিনি কানাডার উদ্দেশে রওনা হন। বিমান ধরার আগে ফেসবুকে ছবি পোস্ট করে হামজা দর্শকদের ধন্যবাদ জানান এবং বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’
গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেকের পর এই সফরে হামজা দুটি ম্যাচ খেলেন। ৪ জুন ভুটানের বিপক্ষে গোল করেন এবং গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একমাত্র গোলটি তাঁর পাস থেকেই আসে।
এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ অক্টোবরে। ৯ অক্টোবর ঢাকায় হংকংকে আতিথ্য দেবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে খেলবে বাংলাদেশ।
‘সি’ গ্রুপে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর ও হংকং, উভয়েরই ৪ পয়েন্ট। ভারত ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে।



















































































































































































































































































































































































































































