শাস্তির মুখে ভারতীয় নতুন টেস্ট অধিনায়ক গিল-newsedge24
  • June 21, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের মাধ্যমে সবার নজর কেড়েছেন। হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম দিনে তিনি খেলেছেন অপরাজিত ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস, যা তাকে সুনীল গাভাস্কার ও বিরাট কোহলির মতো কিংবদন্তিদের পাশে নিয়ে গেছে। তবে, এই দারুণ অভিষেকের মাঝেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পোশাক-সম্পর্কিত নিয়ম ভঙ্গ করে বিপাকে পড়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গিল শুক্রবার ব্যাট করতে নামার সময় কালো রঙের মোজা পরেছিলেন, যা আইসিসির নিয়মের পরিপন্থী। আইসিসি’র ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রুলস’-এর ১৯.৪৫ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়রা শুধুমাত্র সাদা, ক্রিম বা হালকা ধূসর রঙের মোজা পরতে পারবেন। এই নিয়ম ২০২৩ সালের মে মাস থেকে কার্যকর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে, এবং নেটিজেনরা এটি নজরে এনেছেন।

গিলের এই শৃঙ্খলাভঙ্গের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। সম্ভাব্য শাস্তি হিসেবে গিলকে তার ম্যাচ ফির ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এছাড়াও তিনি একটি ডিমেরিট পয়েন্টও পেতে পারেন।

এদিকে, মাঠের পারফরম্যান্সে গিল ছিলেন অসাধারণ। চার নম্বরে ব্যাট করতে নেমে তিনি মাত্র ৫৮ বলে ফিফটি তুলে নেন, যা তাকে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে আরও একবার প্রমাণ করেছে। তবে, এই নিয়ম ভঙ্গের ঘটনা তার অভিষেকের উদযাপনে ছোট্ট একটি ছায়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *