ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অংশ নিয়েছে। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা ভার্চুয়ালি এই সভায় যোগ দেন। স্পনসরদের চাপে বিসিসিআই এই সভায় অংশ নিতে বাধ্য হয়। বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ২০২৫ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এসিসি চূড়ান্ত সিদ্ধান্তের পথে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। বাংলাদেশের গ্রুপে থাকছে শ্রীলঙ্কা। বুধবার (২৩ জুলাই ২০২৫) অনুষ্ঠিত এসিসির বৈঠকে এই সিদ্ধান্তসহ বেশ কিছু ইতিবাচক ফলাফল এসেছে। এসিসির চেয়ারম্যান মহসিন নকভি বৈঠকের সাফল্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “এজিএম মিটিং খুব ভালোভাবে হয়েছে। আমাদের ২৫ জন সদস্যই অংশ নিয়েছেন।”
আরও পড়ুন: টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন মোস্তাফিজ
নকভি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আতিথেয়তার প্রশংসা করে বলেন, “আমিনুল ভাই এবং বিসিবির আতিথেয়তার জন্য ধন্যবাদ। তারা আমাদের অসাধারণভাবে যত্ন নিয়েছেন, দুটি দিন স্মরণীয় কেটেছে।” তিনি জোর দিয়ে বলেন, ক্রিকেটকে এগিয়ে নিতে সবাই একত্রিত হয়েছে এবং রাজনীতি ছাড়াই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতামূলক বৈঠক অব্যাহত থাকবে।



















































































































































































































































































































































































































































