বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকালে মেক্সিকান ক্লাব এটলাসের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের নাটকীয় জয়ে নায়ক ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। মেসির দুটি অ্যাসিস্টে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে লীগস কাপের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে মেজর লীগ সকারের (এমএলএস) এই ক্লাব।
ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে মঞ্চস্থ হয় চরম নাটকীয়তা। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মেসি দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে সতীর্থ লুইস সুয়ারেজকে ডি-বক্সে খুঁজে নেন। উরুগুইয়ান তারকা আলতো ছোঁয়ায় বল ফিরিয়ে দেন বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া মেসিকে। গোলপোস্টের কাছ থেকে মেসির ক্রসে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে শুয়ে পড়ে পা ছুঁইয়ে বল জালে জড়ান মার্সেলো ভাইগান্ট।
তবে, সহকারী রেফারির অফসাইড পতাকায় উৎসব থামে। ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চেকের জন্য অনুরোধ করেন। ভিএআর পর্যালোচনায় গোলের বৈধতা নিশ্চিত হলে চেজ স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়েন মেসি ও তার সতীর্থরা। এ ম্যাচে মেসির জাতীয় দলের আরেক সতীর্থ রদ্রিগো ডি পলও ইন্টার মায়ামিতে অভিষেক করেন।
আরও পড়ুন: এমএলএসে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মেসি ও আলবা
ম্যাচে ইন্টার মায়ামি ৫৫ শতাংশ বল দখলে রেখে ১৯টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে। এটলাস ১৫টি শট নিলেও ৭টি লক্ষ্যে ছিল। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথম গোলেও মেসির অবদান। ৫৭তম মিনিটে সতীর্থ সার্জিও বুসকেটসের রক্ষণচেরা পাস থেকে বক্সে বল পান মেসি। তিনি বল পাঠান তেলাস্কো সেগোভিয়ার কাছে, যিনি প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল করেন। ৮২তম মিনিটে রিভালদো লোজানোর গোলে সমতায় ফেরে এটলাস। তবে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে মায়ামি।
চলতি মাসে ৮ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট নিয়ে মেসি জিতেছেন এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। এর আগে এমএলএস অলস্টার গেমে না খেলায় মেসি ও জর্দি আলবা এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। ম্যাচ শেষে মেসি বলেন, “এ গরমে আমার কাজটা কঠিন, বিশেষ করে আগের ম্যাচে খেলতে না পারায়। আমি যত বেশি খেলি, ততই ছন্দে থাকি। সেদিন তারা আমাকে খেলতে দেয়নি, তবে আজ জিতেছি, এটাই গুরুত্বপূর্ণ।”
২০১৯ সালে শুরু হওয়া লীগস কাপ ২০২৩ সালে নতুন সংস্করণে আসে। সেবার মেসি এই টুর্নামেন্ট জিতে ইন্টার মায়ামির হয়ে প্রথম ট্রফি ঘরে তুলেছিলেন।


















































































































































































































































































































































































































































