রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী নম্বর ৯ এনদ্রিক-newsedge24
  • August 9, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিককে ঘিরে দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে ক্লাবটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে। নতুন মৌসুমে কিংবদন্তি করিম বেনজেমা এবং সদ্য কিলিয়ান এমবাপ্পের পরা ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে ১৯ বছর বয়সী এনদ্রিকের কাঁধে। এই সিদ্ধান্ত ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় এনদ্রিকের গুরুত্বপূর্ণ অবস্থানের ইঙ্গিত দেয়।

গত মৌসুমে এমবাপ্পে ৯ নম্বর জার্সি পরলেও নতুন মৌসুমে তিনি ১০ নম্বর জার্সি পরবেন। ফলে ৯ নম্বর জার্সির জন্য উঠেছিল প্রশ্ন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, কোচিং স্টাফ ও ক্লাবের টিম হায়ারার্কির সিদ্ধান্তে এনদ্রিককেই এই ঐতিহ্যবাহী জার্সি দেওয়া হয়েছে। এনদ্রিক নিজে এই জার্সি দাবি করেননি, তবে সিনিয়রিটি ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে তিনি এটি পেয়েছেন। এর মাধ্যমে তিনি রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ হয়ে উঠেছেন।

আরও পড়ুন: লিওনেল মেসির ভারত সফর: অংশ নিতে পারেন ক্রিকেট ম্যাচে

এদিকে, এনদ্রিকের গত মৌসুমের ১৬ নম্বর জার্সি দেওয়া হয়েছে আরেক তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়াকে। ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসা গঞ্জালো নতুন কোচ জাবি আলোনসোর প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য। সম্প্রতি তার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে রিয়াল।

এনদ্রিকের জন্য নতুন মৌসুমে চ্যালেঞ্জ রয়েছে। গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে তিনি নিয়মিত খেলার সুযোগ পাননি। ৩৭ ম্যাচে খেললেও বেশিরভাগই ছিল বদলি হিসেবে। তবে এই ম্যাচগুলোতে তিনি ৭ গোল করে নিজের সম্ভাবনার প্রমাণ দিয়েছেন, বিশেষ করে কোপা দেল রে-তে সর্বোচ্চ গোলদাতা হয়ে। নতুন কোচ জাবি আলোনসোর অধীনেও তিনি নিয়মিত খেলার সুযোগ পাওয়ার ব্যাপারে শঙ্কায় রয়েছেন। তবে ৯ নম্বর জার্সি পাওয়া তার প্রতি ক্লাবের আস্থার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *