বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি বলেন, “দেশের প্রয়োজনে আরও কাজ করব। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব। একটি সঠিক নির্বাচন হবে। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালকদের নির্বাচন হয়। সেটাই আমার প্রথম লক্ষ্য, এবং সেখানে থাকার চেষ্টা করব।”
গত সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবির গঠনতন্ত্রের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রথম সভা থেকে চার বছর। ২০২১ সালের ৬ অক্টোবর সর্বশেষ নির্বাচন হয়েছিল, তাই বর্তমান কমিটিকে ৭ অক্টোবর ২০২৫-এর মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আঞ্চলিক টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন, এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২ জন পরিচালক মনোনয়ন দেয়। এই ২৫ জন পরিচালক মিলে সভাপতি নির্বাচন করেন।



















































































































































































































































































































































































































































