আজারবাইজান ভারতের বিরুদ্ধে সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) তাদের পূর্ণ সদস্যপদ স্থগিত করার অভিযোগ তুলেছে। দেশটির দাবি, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। আজারবাইজানের গণমাধ্যম ভারতের বিরুদ্ধে বহুপাক্ষিক কূটনৈতিক নীতি লঙ্ঘনের অভিযোগ এনেছে, দাবি করে যে নয়াদিল্লির এই পদক্ষেপ ২০২৫ সালে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সমর্থন দেওয়ার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।
চীনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে আলিয়েভ পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে “বিজয়ের” জন্য অভিনন্দন জানান এবং বলেন, নয়াদিল্লির আন্তর্জাতিক ফোরামে বাধা সৃষ্টি সত্ত্বেও বাকু পাকিস্তানের সঙ্গে “ভ্রাতৃত্বের” সম্পর্ককে অগ্রাধিকার দেবে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করেন।
আজারবাইজানের মিডিয়া দাবি করেছে, ভারত এসসিওতে বাকুর পূর্ণ সদস্যপদ লাভে বারবার বাধা সৃষ্টি করেছে, যা এসসিওর “সাংহাই স্পিরিট” নীতির পরিপন্থী। এই নীতি পারস্পরিক বিশ্বাস, সমতা, এবং সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অপারেশন সিঁদুরের সময় আজারবাইজান পাকিস্তানকে পূর্ণ সমর্থন জানিয়েছিল এবং ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছিল।
আরও পড়ুন: চীনে শুরু এসসিও সম্মেলন, যোগ দিলেন বিশ্বনেতারা
আজারবাইজান বর্তমানে এসসিওতে “ডায়লগ পার্টনার” হিসেবে রয়েছে এবং পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেছিল। ভারতের বিরোধিতার কারণে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত কাসিম মহিউদ্দিনও ভারতের এই পদক্ষেপের নিন্দা করে বলেছেন, “মোদি সরকারের নীতি শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, ককেশাস অঞ্চলেও শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।”













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































