স্টিভেন-স্মিথ-steven-smith-newsedge24
  • October 27, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পিঠের ইনজুরির কারণে তিনি এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

গত জুলাই থেকে পিঠের ইনজুরিতে ভুগছেন কামিন্স। ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে যে, তিনি প্রথম টেস্টের আগে ম্যাচ খেলার মতো ফিট হতে পারবেন না।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, “আমরা সময়ের সঙ্গে পেরে উঠিনি। আগেই বলেছিলাম, কামিন্সকে পুরোপুরি ফিট হতে চার সপ্তাহের মতো সময় লাগবে। কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে। আমরা আশাবাদী, দ্বিতীয় টেস্টে কামিন্স দলে ফিরবেন।” দ্বিতীয় টেস্ট ৪ ডিসেম্বর থেকে ব্রিজবেনে শুরু হবে।

ম্যাকডোনাল্ড জানান, চলতি সপ্তাহে কামিন্স বল হাতে অনুশীলনে ফিরবেন। তিনি বলেন, “কামিন্স ইতোমধ্যে দৌড়ানো শুরু করেছেন। এই সপ্তাহেই তিনি বোলিং শুরু করতে পারেন। তবে তার ইনজুরির ধরন এমন যে, ফেরার জন্য নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। এ কারণে মেডিকেল টিমের ওপর কোনো চাপ দেওয়া ঠিক হবে না।”

কামিন্সের অনুপস্থিতিতে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পেসার স্কট বোল্যান্ড, যিনি ১৪ টেস্টে ১৬.৫৩ গড়ে ৬২ উইকেট শিকার করেছেন।

২০১৮ সালের বল-টেম্পারিং কেলেঙ্কারির পর অধিনায়কত্ব হারিয়েছিলেন স্টিভেন স্মিথ। এরপর থেকে কামিন্সের অনুপস্থিতিতে তিনি বেশ কয়েকবার দলের নেতৃত্ব দিয়েছেন। এবারও তার ওপর ভরসা রেখেছে অস্ট্রেলিয়া। স্মিথ এর আগে ছয়বার কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন। অ্যাশেজের প্রথম টেস্টে তার নেতৃত্বেই মাঠে নামবে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *