রাজধানীর পুরান ঢাকার কদমতলী থানার শ্যামপুর রেললাইনের পাশের ভাঙারি বাড়ি এলাকায় ডিবির বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি এবং মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন— মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬),মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) এবং মো. মামুন (৩৭)। ডিবি জানায়, এই তিনজনই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। মাদকের সাম্রাজ্য ধরে রাখতে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন, ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারত না।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে— ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে ৮ কেজি গাঁজা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমীর খসরু বলেন, গ্রেপ্তাররা মাদক স্পটকে ‘আড়ত’ হিসেবে ব্যবহার করত এবং পাইকারি হারে মাদক বিক্রি করত। অস্ত্র শুধু মাদকের নিরাপত্তায় নয়, অন্যান্য অপরাধমূলক কার্যক্রমেও ব্যবহার করা হতো কি না—তাও তদন্ত করা হবে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ৩৫টি ককটেলসহ গোপন কারখানার সন্ধান
অস্ত্রের উৎস সম্পর্কে আমীর খসরু বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় থানা–পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। উদ্ধার করা অস্ত্রগুলোর সঙ্গে সেসব অস্ত্রের সাথে মিল আছে কি না, আমরা তা যাচাই করছি। পাশাপাশি অন্যান্য সম্ভাব্য উৎসও তদন্ত করা হবে।”
ডিবি জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।






























































































































































































































































































































































