সিলেটে শুরু হল বিপিএলের ১২তম আসর-newsedge4
  • December 26, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকায় বড় উদ্বোধনী অনুষ্ঠান না হলেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাদামাটা আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর ১২তম আসর। বৃহস্পতিবার প্রায় ২৫ হাজার বেলুন আকাশে উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিপিএলের ১২তম আসর উদ্বোধনের শুরুতে শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয় সিলেট টাইনস। প্রথম দিনের ম্যাচের মাঝে বিরতিতে দর্শকদের জন্য গান পরিবেশন করেন ফুয়াদ আল মুক্তাদির এবং থাকছে আতশবাজির আয়োজন।

এবারের বিপিএল শুরুর আগেই বিতর্কে জড়িয়েছে। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নেয় বিসিবি। অনুশীলনে বল না পাওয়ায় রেগে সিএনজিতে মাঠ ছেড়ে চলে যান নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। পরে ফিরে এসে সুজন এটিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে দুবাই ক্যাপিটালসের জয়

দীর্ঘ ১২ বছর পর এবার খেলোয়াড় নিলাম প্রক্রিয়া ফিরে এসেছে। আগামী পাঁচ মৌসুমের জন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিসিবি। গত আসরে ফিক্সিং অভিযোগে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট, অংশগ্রহণ ফি ও ব্যাংক গ্যারান্টিতে কঠোর অবস্থান নিয়েছে বিসিবি। অতীতের বকেয়া জটিলতা এড়াতেই এই কড়াকড়ি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *