নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা-newsedge4

নাইজেরিয়ার সরকারের অনুরোধে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “প্রধান সেনাপতি হিসেবে আমার নির্দেশে আজ রাতে যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে। তারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্য করে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছিল, যা বহু বছর, এমনকি শতাব্দীর মধ্যে দেখা যায়নি।”

মার্কিন আফ্রিকা কমান্ড জানায়, নাইজেরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে এই হামলা চালানো হয় এবং এতে একাধিক আইএস সন্ত্রাসী নিহত হয়েছে। পেন্টাগনের একটি ভিডিওতে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা যায়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে লিখেছেন, নাইজেরিয়াকে সহযোগিতার জন্য ধন্যবাদ, “আরও আসছে।”

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গার বিবিসিকে বলেন, এটি একটি যৌথ অভিযান এবং লক্ষ্য ছিল সন্ত্রাসীরা। কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে জড়িত নয়। নাইজেরিয়ার গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে এবং ভবিষ্যতে আরও হামলা নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে এই অভিযান। দেশটির সরকার বরাবর বলে আসছে, সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিস্টান উভয়কে লক্ষ্য করে। যুক্তরাষ্ট্রের খ্রিস্টান নিপীড়নের ওপর জোর দেওয়া পূর্ণ চিত্র তুলে ধরে না।

গত অক্টোবরে ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্বগত হুমকির কথা বলে সামরিক হস্তক্ষেপের সতর্কতা দেন। নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় গোয়েন্দা নজরদারি বিমান উড়িয়েছে।

আরও পড়ুন: এপস্টেইন ফাইল: বিতর্কের মুখে ট্রাম্পের ছবি পুনঃস্থাপন

এদিকে বৃহস্পতিবার উত্তর-পূর্ব নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। ক্রিসমাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *