চোটে পুনর্বাসনে থাকা জোফরা আর্চারকে নিয়েই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে বাম সাইড স্ট্রেইনে চোট পেয়ে মাঠের বাইরে থাকলেও তাকে দলে রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একইসঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের দলও ঘোষণা করা হয়েছে।
অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জশ টাং। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক তাকে মূল বোলার হিসেবে দলে নিয়েছেন। মেলবোর্ন টেস্টে এক ইনিংসে ফাইফারসহ দুই টেস্টে ১২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ১৫ বছর পর ইংল্যান্ডের টেস্ট জয়ের ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এ ডানহাতি পেসার।
তবে ঘোষিত দলে জায়গা হয়নি ব্রাইডন কার্স ও উইকেটকিপার জেমি স্মিথের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কার্স খেলবেন আর্চারের জায়গায়। ভাঙা আঙুলের চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন উইল জ্যাকস। আছেন জ্যাক ক্রলিও। স্পিন বিভাগে আদিল রশিদের সঙ্গে যোগ দিয়েছেন লিয়াম ডসন ও রেহান আহমেদ। অলরাউন্ডার স্যাম কারেনকে নেওয়া হয়েছে। জর্ডান কক্স ও সাকিব মাহমুদ দলের বাইরে।
আগামী ২২ জানুয়ারি কলম্বোতে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩০ জানুয়ারি ক্যান্ডিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ডের প্রাথমিক টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।



















































































































































































































































































































































































































































