বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়তে বাধ্য হয়েছে। সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ানো এই খেলোয়াড়কে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেকেআরের এক বিবৃতিতে বলা হয়েছে, “কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল তাদের নির্দেশ দিয়েছে, আসন্ন আইপিএল মৌসুমের আগে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে। এই পদক্ষেপটি যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করে বাস্তবায়ন করা হয়েছে। বিসিসিআই আইপিএল বিধিমালা অনুযায়ী কেকেআরকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দিয়েছে। যদি তারা বিকল্প খেলোয়াড় চান, বিসিসিআই তা অনুমোদন করবে।” কারণ হিসেবে তিনি ‘সাম্প্রতিক পরিস্থিতি’ উল্লেখ করেছেন—যা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ভারত-বিরোধী আবহকে ইঙ্গিত করে।
এক সিনিয়র আইপিএল কর্মকর্তা জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি নিজ উদ্যোগে এমন পদক্ষেপ নিতে পারত না, কারণ তা আইনগত জটিলতা সৃষ্টি করতে পারত। মোস্তাফিজ চাইলে আইনি সহায়তা নিতে পারতেন।
নিলামে সাতজন বাংলাদেশি খেলোয়াড় ছিলেন, কিন্তু শুধু মোস্তাফিজই নির্বাচিত হন। দিল্লি ক্যাপিটালস ৫.২ কোটি এবং চেন্নাই সুপার কিংস ৯ কোটি পর্যন্ত দর করলেও কেকেআর ৯.২ কোটিতে তাকে কিনে নেয়। মোস্তাফিজ আগে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।
‘সাম্প্রতিক পরিস্থিতি’ বাংলাদেশি খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধতা তৈরি করেছে—ঠিক পাকিস্তানি খেলোয়াড়দের মতো, যারা ২০০৮ সালের পর আইপিএলে অংশ নিতে পারেননি। বিভিন্ন আন্তর্জাতিক লিগেও ভারত-নিয়ন্ত্রিত দলগুলো বাংলাদেশি খেলোয়াড় নিয়োগ এড়িয়ে চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



















































































































































































































































































































































































































































