যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে এবং তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। শনিবার ভোরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় “বৃহৎ পরিসরের সফল হামলা” চালিয়েছে। এই অভিযান আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
কারাকাসসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। লো-ফ্লাইং এয়ারক্রাফটের আওয়াজ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ভেনেজুয়েলার সরকার এটিকে “গুরুতর সামরিক আগ্রাসন” বলে নিন্দা জানিয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন, বিদেশি সৈন্যের উপস্থিতি প্রতিরোধ করা হবে। উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ মাদুরোর অবস্থান নিশ্চিত করতে “প্রমাণ” দাবি করেছেন।
যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চাপ বাড়িয়ে যাচ্ছিল। গত কয়েক মাসে ক্যারিবিয়ান ও প্যাসিফিকে ডজনখানেক নৌকায় হামলা চালানো হয়েছে। ১৯৮৯ সালে পানামায় ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর লাতিন আমেরিকায় এটি যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রথম ঘটনা।
ভেনেজুয়েলার সরকার থেকে তাৎক্ষণিকভাবে মাদুরোর আটকের বিষয়ে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে ট্রাম্পের ঘোষণার পর দেশটিতে উত্তেজনা বেড়েছে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































