আইসিসি বোর্ড সভা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতার কারণে তার সশরীরে ভারত সফর নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগামী ৩০ ও ৩১ মে আহমেদাবাদে আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। একই দিন (৩১ মে) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনালের আয়োজন করা হয়েছে। পিসিবি চেয়ারম্যানকে উভয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি গণমাধ্যম।
দ্য ন্যাশনসসহ পাকিস্তানি মিডিয়া জানিয়েছে, নাকভির ভারত সফরের চূড়ান্ত অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য এ সভা আয়োজিত হচ্ছে।
আরও পড়ুন: তামিমদের কমিটি স্থগিত চেয়ে বুলবুল-ফারুকসহ সাবেক ১২ জন পরিচালকের রিট
অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বর্তমান দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে পিসিবি চেয়ারম্যানের সশরীরে আইপিএল ফাইনাল দেখতে যাওয়ার কোনো বাস্তবসম্মত সম্ভাবনা নেই। আইসিসির নিয়ম অনুসারে তিনি ভার্চুয়ালি (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) সভায় অংশ নেবেন।
এখন পর্যন্ত আইসিসি বা পিসিবি কোনো পক্ষই নাকভির ভ্রমণসূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। বিশ্লেষকরা মনে করছেন, নাটকীয় কোনো উন্নয়ন না ঘটলে পাকিস্তান থেকেই ভার্চুয়ালি সভায় যোগ দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।



















































































































































































































































































































































































































































