আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তির খবর এসেছে। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া ইতোমধ্যে স্কালোনির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
শুক্রবার স্কালোনি ও তাপিয়ার একটি ছবি প্রকাশ করে এএফএ জানায়, চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে দায়িত্বে থাকার আগ্রহের কথা নিজেই জানিয়েছেন এই কোচ।
তাপিয়ার সঙ্গে আলোচনার প্রসঙ্গে স্কালোনি বলেন, “এখানে থাকার ইচ্ছা আমার আছে, তবে অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। আলোচনার জন্য আমার পুরোপুরি আগ্রহ আছে।” টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি হতে পারে দুই বছর মেয়াদি, যাতে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। চুক্তিতে আরও দুই বছর বাড়ানোর সুযোগও রাখা হতে পারে, যা তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রাখার পথ তৈরি করবে। তবে এ কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।
চুক্তি আলোচনা চলাকালে আসন্ন তিনটি প্রীতি ম্যাচেও আর্জেন্টিনার দায়িত্ব পালন করবেন স্কালোনি। ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে দলটি। বেনিন ম্যাচটিই হবে লিওনেল মেসির আর্জেন্টিনা জার্সিতে বিদায়ী খেলা।
দলে পরিবর্তনের স্পষ্ট আভাস দিয়েছেন স্কালোনি। সাম্প্রতিক স্কোয়াডে রেখেছেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, আগুস্তিন গিয়াইসহ কয়েকজন প্রতিশ্রুতিশীল তরুণকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদা।
স্কালোনির থাকার পক্ষে খেলোয়াড়রাও সরব। এনসো ফার্নান্দেজ বলেন, “আশা করি তিনি চুক্তি নবায়ন করবেন। তিনি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তিনিই দলটাকে গড়ে তোলেন।”
২০১৮ সালে হোর্হে সাম্পাওলির বিদায়ের পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নিয়ে পরে স্থায়ী হন স্কালোনি। তাঁর অধীনে ২০২১ সালে ২৮ বছরের শিরোপা-খরা ঘুচিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর আসে ২০২২ ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ জয়—৩৬ ম্যাচের অপরাজিত যাত্রায়। ২০২৪ সালে আরও একটি কোপা আমেরিকা জিতে সাফল্যের ধারা অব্যাহত রাখেন তিনি


















































































































































































































































































































































































































































