প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্তভাবে পাস হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ শনিবার বেলা ১১টায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) আয়োজনে ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তিনি উল্লেখ করেন, আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। তাই প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব।
অনলাইনভিত্তিক নতুন ধরনের সাংবাদিকতা ও মনিটাইজেশনকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ালে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।
এ সময় নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যম ইতোমধ্যে অতিরিক্ত সংকটে রয়েছে। এ ধরনের আইন করলে সংকট আরও তীব্র হবে এবং হাত-পা বাঁধা পড়বে। তিনি মনে করেন, যারা এ আইন করতে চাইছেন তাদের উদ্দেশ্য হয়তো সফল হতে পারে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে এবং একদলীয় শাসনের দিকে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
ডা. জাহেদ উর রহমান জবাবে বলেন, গণমাধ্যমের উদ্বেগ সরকার বিবেচনায় নেবে। তিনি নিজেও এ বিষয়গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে অনেক বিষয়ে তিনি একমত। তবে তর্কের খাতিরে তিনি বলেন, আইনটি হুবহু পাস হলেও এই সরকার আগের সরকারের মতো করে এটি ব্যবহার করবে না।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































