বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লাল-সবুজের প্রতিনিধিরা ভুটানের বিপক্ষে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এই ম্যাচ দিয়েই ঢাকায় ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ লিগের তারকা হামজা চৌধুরীর। গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে লাল-সবুজ জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন তিনি। তবে ঘরের মাঠে প্রথমবার খেলার জন্য মুখিয়ে আছেন হামজা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে। হামজা ১ বা ২ জুন ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। তার তিন-চার দিন পর ঢাকায় পৌঁছাবেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। হামজা ফ্রেন্ডলি ম্যাচে খেলার সম্ভাবনা থাকলেও শমিত সরাসরি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে লাল-সবুজ জার্সিতে মাঠে নামবেন।
হামজা ভারতের বিপক্ষে অভিষেকের পর ঢাকায় ফিরেছিলেন, তবে বেশি দিন থাকেননি। লন্ডনে ফেরার আগে তিনি বলেছিলেন, “সবকিছুর জন্য শুধুই ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আবারও আসব। আমার শারীরিক সুস্থতা ও সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচে দেখা হবে।” বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা ২৪ মে সান্ডারল্যান্ডের বিপক্ষে প্লে-অফ ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন। জয় পেলে তার দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। তবে লেস্টার সিটি থেকে ধারে খেলা হামজা শেফিল্ডে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
বাফুফে এখনও হেড কোচ হাভিয়ের কাবরেরার ঢাকায় আগমনের সময় নিশ্চিত করতে পারেনি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান তুষার বর্তমানে প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে অংশ নিচ্ছেন। তবে বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণকে ঢাকা বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দুদকের নিষেধাজ্ঞার কারণে তিনি প্যারাগুয়ে যেতে পারেননি। এ ঘটনায় বাফুফের নির্বাহী কমিটির অনেকে বিব্রত।



















































































































































































































































































































































































































































