জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার (১৬ মে) রাজধানীর কাকরাইল মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় বাংলাদেশের ইতিহাসে জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চোখ রাঙিয়ে কথা বললে বা স্টিম রোলার চালানোর চেষ্টা করলে আমরা তা রুখে দেব।”
অধ্যাপক রইছ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগ হচ্ছে, এটা আমরা জানি। সরকার আন্তরিক হলে প্রথম দিনই আমাদের দাবি নিরসন করতে পারত। কিন্তু তা এখনো হয়নি।” তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে পৌঁছেছি, যেখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্র হবে। আমরা এক চুলও সরব না।”
তিনি সরকারকে সতর্ক করে বলেন, “আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি দেয় বা স্টিম রোলার চালানোর চেষ্টা করে, তাহলে এই আন্দোলন কাকরাইল মোড়ে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে আমরা জানি না, এর দায় সরকারকেই নিতে হবে।” তিনি আরও যোগ করেন, “আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দেবেন না। আমাদের দাবি যৌক্তিক এবং জীবন-মরণের সঙ্গে জড়িত। সুতরাং দাবি মানতে হবে।”
আন্দোলনরত শিক্ষার্থীরা আবাসন ব্যবস্থা, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়নসহ চার দফা দাবি জানিয়ে আসছে। গত ১৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল করার সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা। পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত এবং ৩৮ জন হাসপাতালে ভর্তি হন। তবুও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান ধরে রেখেছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































