ব্রাজিলিয়ান সিরি আ-তে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের নায়ক ছিলেন নেইমার জুনিয়র। ম্যাচের ৮৪তম মিনিটে তাঁর দুর্দান্ত ফিনিশিং থেকে আসা গোল সান্তোসকে জয় এনে দেয়। গোলের পর নেইমার প্রতিপক্ষ দলের কোচ ফিলিপে লুইসের দিকে ইঙ্গিত করে ‘তোমাকে বলেছিলাম’ বলে অঙ্গভঙ্গি করেন, যিনি ব্রাজিল জাতীয় দলে নেইমারের দীর্ঘদিনের সতীর্থ ছিলেন।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেইমার শুরু থেকেই দাপট দেখান। প্রথম মিনিটে ফ্ল্যামেঙ্গোর দুই ডিফেন্ডারকে কাটিয়ে চেলসি থেকে ধারে আসা ফরোয়ার্ড দেইভিদ ওয়াশিংটনের জন্য গোলের সুযোগ তৈরি করেন। প্রথমার্ধের শেষ দিকে তাঁর খেলার ছন্দ কিছুটা কমলেও, বিরতির পর তিনি ফ্ল্যামেঙ্গোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন। ৮৪তম মিনিটে বাঁ প্রান্ত থেকে সতীর্থের পাস পেয়ে শরীরী ডজে ঘুরে দুর্দান্ত গোল করেন নেইমার।
আরও পড়ুন: লেস্টার সিটিতে হামজাদের নতুন কোচ মার্তি সিফুয়েন্তেস
এই ম্যাচে নেইমারের পুরো ৯০ মিনিট মাঠে থাকা সান্তোস সমর্থকদের জন্য বড় পাওনা। প্রায় পাঁচ মাস পর তিনি পুরো একটি ম্যাচ খেলেন, যা ২০১৩ সালের মে মাসের পর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে তাঁর প্রথম ম্যাচ।
গত সপ্তাহে দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে গোল ও গোল করিয়ে নেইমার বলেছিলেন, তিনি ‘আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন।’ আজকের ম্যাচে তাঁর পারফরম্যান্স সেই কথার প্রমাণ দেয়। চলতি মৌসুমে ১৩ ম্যাচে এটি নেইমারের চতুর্থ গোল এবং সিরি আ-তে প্রথম গোল।



















































































































































































































































































































































































































































