নগরকান্দা (ফরিদপুর), ১ মে ২০২৫: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে তিন সন্তানের জনক কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সীর (৩৫) বাড়িতে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে অনশন করছেন খুশি আক্তার (২০) নামে এক তরুণী। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইলের সঙ্গে চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামের বিল্লাল মুন্সীর মেয়ে খুশির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরে দৈহিক সম্পর্কে রূপ নেয়।
খুশি আক্তার জানান, ইসরাইল তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে নগরকান্দা পৌর এলাকায় একটি বাসা ভাড়া নেন এবং স্বামী-স্ত্রীর পরিচয়ে প্রায় দুই মাস একসঙ্গে বসবাস করেন। তিনি বলেন, “বিয়ের জন্য চাপ দিলে ইসরাইল টালবাহানা শুরু করে। এখন আমি কোনো উপায় না দেখে তার বাড়িতে পাঁচ দিন ধরে অনশন করছি। তিন মাস আগে ভাঙ্গা উপজেলায় আমার বিয়ে হয়েছিল। আমি স্বামীকে ত্যাগ করে গহনা ও টাকা-পয়সা ইসরাইলকে দিয়েছি। এখন সে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো পথ থাকবে না।”
অন্যদিকে, ইসরাইল মুন্সী বলেন, তিনি উপজেলার চাঁদহাট বাজারে একটি কাপড়ের দোকান চালান। খুশি কাপড় কেনার জন্য তার দোকানে আসতেন, এবং এর মধ্যে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি দাবি করেন, “আমি তাকে গোপনে বিয়ে করে নগরকান্দায় বাসা ভাড়া নিয়ে থাকতাম। কিন্তু পরে তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরে তাকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেছি।”
স্থানীয়রা জানান, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, তিনি বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। তবে, এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






























































































































































































































































































































































