ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্ধারিত নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তারা নির্বাচনী আচরণবিধি তদারকির পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, স্ট্রাইকিং ফোর্স (বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিম) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেবেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন করবেন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন।
আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































