নির্বাচন কমিশন-newsedge4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে নির্দিষ্ট নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটগ্রহণের দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ এবং ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাবে যারা:

  • রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট এবং পরিচয়পত্রধারী দেশি-বিদেশি পর্যবেক্ষক
  • নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক
  • নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী
  • আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
  • জরুরি সেবায় ব্যবহৃত নৌযান (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ সেবা)

এছাড়া প্রধান প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের ব্যবস্থা নিতে পারবেন।

ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতা বিবেচনা করে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনীয় ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ইসির এই নির্দেশনা নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *