নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি পুরোপুরি বন্ধ করার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।
সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সকল জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন আইজিপি।
তিনি বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়াতে হবে। ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আইজিপি আরও বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যাতে তারা থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন। মানুষের সঙ্গে সদাচরণ করে তাদের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকতে হবে।
তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, নিরপরাধ মানুষকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান আইজিপি।






























































































































































































































































































































































