নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেলচালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক মো. স্বাধীন (২৫)।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে নরসিংপুর ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি বক্তাবলী ঘাটের দিকে যাচ্ছিল। মাঝ নদীতে পৌঁছালে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহনই নদীতে পড়ে যায়।
ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। খবর পেয়ে রাতেই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। রাত দেড়টার দিকে নৌ-পুলিশের ডুবুরি দল ভ্যানচালক স্বাধীন ও মাসুদ রানার মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেলচালক রফিক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৭
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ‘ফেরি দুর্ঘটনায় আহত হয়ে রফিক নামের একজন হাসপাতালে মারা গেছেন। নিখোঁজ স্বাধীন ও মাসুদ নামের দুইজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।’






























































































































































































































































































































































