বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, ক্ষমতায় এলে বিএনপি শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাতে এসে তিনি এ কথা বলেন।
শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এ্যানি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। আমরা শিক্ষকদের ন্যায্য দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়েছি। আপনাদের সামাজিক মর্যাদাকে আমরা অনুভব করেছি এবং এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের অবহিত করেছেন।”
তিনি আরও বলেন, “শিক্ষাকে আধুনিকীকরণ এবং মর্যাদা নিশ্চিত করতে হবে। তারেক রহমান বিবিসির এক সাক্ষাৎকারে শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিয়ে কথা বলেছেন। এটি একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি। আমরা নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”
শিক্ষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “গত ৮-৯ দিন ধরে আপনারা প্রখর রোদে রাজপথে আন্দোলন করছেন। এটা করার কথা ছিল না। আগামী দিনে যেন আন্দোলন না করতে হয়, সেজন্য আমরা পূর্ণ জাতীয়করণের প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন, আমাদের শিক্ষাগুরু।”
আরও পড়ুন: ৫ শতাংশ বাড়িভাড়া প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের
অন্তর্বর্তী সরকারের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার আপনাদের যুক্তিসঙ্গত দাবির সঙ্গে একমত হয়েছে, কিন্তু ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পর্যাপ্ত নয়। সরকারকে আপনাদের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবি বিশেষভাবে বিবেচনা করতে হবে।”
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































