মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর প্রথম প্রধান এবং একজন দূরদর্শী নেতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধের পর তিনি বিমান বাহিনী পুনর্গঠন করেন এবং অসামান্য অবদানের জন্য ‘বীর উত্তম’ খেতাব লাভ করেন। তার নামে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির নামকরণ করা হয়েছে ‘এ কে খন্দকার বিমান ঘাঁটি’।
১৯৭১ সালে পাকিস্তান বিমান বাহিনী থেকে ভারতে যোগ দিয়ে তিনি মুজিবনগর সরকারের অধীনে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে প্রশিক্ষণ ও অপারেশনের দায়িত্ব পালন করেন। যুদ্ধের সময় নাগাল্যান্ডের ডিমাপুরে প্রথম বাংলাদেশ বিমান বাহিনী ‘কিলো ফ্লাইট’ প্রতিষ্ঠা করেন, যা সীমিত সম্পদ নিয়েও গুরুত্বপূর্ণ অভিযান চালায়।
আরও পড়ুন: কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি
স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং যুদ্ধবিধ্বস্ত বিমান বাহিনীকে পুনর্গঠন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ২০১১ সালে স্বাধীনতা পদক লাভ করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-২ (বেড়া-সুজানগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































