সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া লিডারবস্তি গ্রামে এক স্বামী তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে।
স্থানীয় সূত্র অনুসারে, স্বামী আলী আহমদ (৩৫) বাইরে থেকে ফিরে খাটে শুয়ে থাকা স্ত্রী রুবেনা বেগমকে (২৭) এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। তিন সন্তানের জননী রুবেনা ঘটনাস্থলেই প্রাণ হারান। পরবর্তীতে আলী নিজেকে দা দিয়ে আঘাত করার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।
ঘটনার সময় আলী আহমদ মানসিক অসুস্থ এবং মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের আটকের পর গোয়াইনঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আলী আহমদও মারাত্মক আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রুবেনার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অজ্ঞান-পার্টির সদস্য নিজেই অজ্ঞান
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে।






























































































































































































































































































































































