বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট ৪১ নম্বর পিলার এলাকায় (তুমব্রু নো-ম্যানস ল্যান্ড) এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন:
- অক্যমং তংচঙ্গ্যা (৪০)
- চিক্যং তংচঙ্গ্যা (৩৪)
- শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)
তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা এবং পেশায় শ্রমিক। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে সীমান্তবর্তী একটি কলাবাগানে কাজ করতে গিয়ে প্রথম মাইন বিস্ফোরণে অক্যমং তংচঙ্গ্যা ঘটনাস্থলেই নিহত হন। তাকে উদ্ধার করতে গেলে আরেকটি মাইন বিস্ফোরিত হয়। এতে চিক্যং তংচঙ্গ্যা ও শৈফুচিং তংচঙ্গ্যা নিহত হন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































