বিশ্ব মুসলিমদের সিয়াম-সাধনার পবিত্র মাস রমজান আবারও শুরু হতে যাচ্ছে। সৌদি আরবে আজ বুধবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। দেশটির আকাশে চাঁদ দেখা গেলে কাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। এরই মধ্যে তারাবিহর নামাজ আদায় শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজানের প্রথম দিন হতে পারে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বাংলাদেশ ও ভারতে ঐতিহ্যগতভাবে হিলাল বা চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।
আজ বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে, তা নির্ধারণ করতেই এ সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া নিচের টেলিফোন নম্বরগুলোতে কল করেও তথ্য জানানো যাবে: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































