দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার রাত পৌনে ১০টায় তিনি এ ভাষণ প্রদান করেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি অথবা জোর-জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে সরকারের প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনায় মহানবীর ‘ন্যায়পরায়ণতার’ আদর্শ অনুসরণ করবে সরকার। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ব্যবসায়ীদের অধিক মুনাফা না করার আহ্বান জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী বলেন, “শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে।”
তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান তথা দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী—এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য।”
তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি-দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যদিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে।”
রমজানে ব্যবসায়ীদের প্রতি আহ্বান
পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। যদি আমরা আত্মশুদ্ধির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। আমাদের অনেকের মধ্যে এই মাসকে ঘিরে অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়—এ ব্যাপারে সতর্ক থাকবেন।”
তিনি বলেন, “ক্ষুদ্র-মাঝারি কিংবা ছোট-বড়—সকল ব্যবসায়ীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সহজ ও স্পষ্ট। আমরা ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চাই। আপনাদের যেকোনো পরামর্শ বা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা-বিক্রেতা-গ্রহীতা—এই সরকার সকলেরই সরকার।”
অপচয় রোধে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, “রমজানে রোজাদাররা বিশেষ করে ইফতার-তারাবিহ-সেহরিতে নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ চান। এই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপচয় রোধ করে কৃচ্ছ্রতা সাধন প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। অফিস-আদালতে বিনা প্রয়োজনে বা অতিরিক্ত গ্যাস-বিদ্যুৎ-পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতের অংশ।”
এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি-প্লট নেবেন না
তিনি বলেন, “বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না। এই সিদ্ধান্ত ‘ন্যায়পরায়ণতার’ আদর্শের প্রতিফলন।”
যানজট কমাতে রেল-নৌ-সড়ক পুনর্বিন্যাস
প্রধানমন্ত্রী বলেন, “রাজধানীতে যানজট নিয়ন্ত্রণহীন। জনজীবনের ভোগান্তি লাঘব করা না গেলে স্বস্তি ফিরবে না। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা জরুরি। রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেল-নৌ-সড়ক-সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে।”
শিক্ষার্থীদের সহায়তার আশ্বাস
তিনি বলেন, “আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে এটিই হবে আমাদের ‘জনসম্পদ’। প্রযুক্তির প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমাদের পারদর্শী হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী ও তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলছি—মেধায়-জ্ঞানে-বিজ্ঞানে নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায়, সরকার প্রস্তুত।”
অঙ্গীকার পূরণে সমর্থন প্রত্যাশা
প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে আমি বলেছিলাম—‘আই হ্যাভ এ প্ল্যান’। নির্বাচনের আগে আমার পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এখন এই সুযোগ কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণের দায়িত্ব বিএনপি সরকারের। আমরা কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ। এই যাত্রাপথে আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি।”
আরও পড়ুন : রমজানে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রীর নির্দেশ
তিনি বলেন, “যারা বিএনপিকে ভোট দিয়েছেন বা দেননি—এই সরকারের প্রতি আপনাদের অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে—দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সকল ইতিবাচক পরিকল্পনা বাস্তবায়নের তৌফিক দিন।”


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































