আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দিন থেকে পরবর্তী ২ দিন পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। এর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ প্রচার, কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, টাকা-অর্থ বিতরণসহ যেকোনো অনিয়ম দমনে তারা ব্যবস্থা নিতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে যোগদান বা রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন করবেন এবং মোবাইল কোর্ট পরিচালনার নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেবেন।
প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যত নির্বাচনের মানদণ্ড: প্রধান উপদেষ্টা
এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে, ভোটের দিন এবং পরবর্তী দুই দিন পর্যন্ত নির্বাচনী এলাকায় সক্রিয় থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































