সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে সংঘর্ষ-newsedge24

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সামান্য আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ছাতক উপজেলার খিদ্রাকাপন গ্রামের সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়ার একটি জমি প্রায় এক বছর আগে জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু ক্রয় করেন। জমির রেজিস্ট্রি না হওয়া নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে প্রথম সংঘর্ষ হয়। শুক্রবার সন্ধ্যায় ফের উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে ঘটনাস্থলে পৌঁছে এমপি কামরুজ্জামান কামরুল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় তিনি হাতে ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। পরে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *