প্রধান নির্বাচন কমিশনার-সিইসি-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি তার সকল প্রক্রিয়া সম্পর্কে তাদের আমরা জানিয়েছি। তারা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং আমাদের সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন, একটি স্বচ্ছ নির্বাচনের বিষয়ে কমিশনের প্রতি তারা খুবই আস্থাশীল।”

তিনি আরও বলেন, “আমাদের সকল কর্মকাণ্ড আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা জানিয়েছি যে এখানে কোনো লোকচুরির ব্যাপার নেই। আমরা গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিতে পারব, এ বিষয়ে তারা আশাবাদী।”

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদের প্রস্তুতির পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে আমাদের পরিকল্পনা কি—তা তারা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার মোতায়েন থাকবে।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, “আপনারা নিশ্চিত থাকেন, আমাদের তরফ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুন্দর একটা নির্বাচন আয়োজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আমাদের উদ্দেশ্যটা একেবারেই স্বচ্ছ এবং ফোকাসটা একটা সুন্দর নির্বাচন আয়োজন। এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং খুবই সন্তোষ প্রকাশ করেছেন। আগামীতে তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।”

আরও পড়ুন: দ্রুত পোস্টাল ভোট প্রদানের আহ্বান নির্বাচন কমিশনের

সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ, পোস্টাল ভোট, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। কূটনীতিকরা কমিশনের প্রস্তুতি ও স্বচ্ছতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

নির্বাচন কমিশন, বিদেশি কূটনীতিক, অবাধ-সুষ্ঠু নির্বাচন, আইনশৃঙ্খলা মোতায়েন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সিইসি নাসির উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *