সাবেক সমন্বয়ক রিয়াদ-newsedge24

রাজধানীর গুলশানে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে আলোচিত আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে গুলশান থানার সেকেন্ড অফিসার (ওসি অপারেশন) কাদের আহমেদ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পার্মানেন্ট ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় রিয়াদ সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীরা বাধা দিলে রিয়াদ বিবিএ বিভাগের শিক্ষার্থী বাঁধন নামের একজনকে সুইচ গিয়ার চাকু দিয়ে মুখে আঘাত করেন।

আহত শিক্ষার্থীকে সহায়তা করতে আসা অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় ঘটনাস্থলেই রিয়াদকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। শুক্রবার দুপুরে আদালতে হাজির করে তাকে রিমান্ডের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রিয়াদ গ্রেপ্তার হয়েছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন।

আরও পড়ুন: ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আটক ৮

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, হুমকি ও ছাত্র আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রয়েছে। গতকালের ঘটনায় আহত শিক্ষার্থী বাঁধনের চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *