রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টোর ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন দাবি করেছেন, আগুন নয়, সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিকভাবে সে ধোঁয়া নিভিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে দ্রুত সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি সামাল দেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সেবা বা ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, ধোঁয়ার সঠিক উৎস কী ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































