সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে—এমন বাধ্যতামূলক নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়েছে, জনসেবা নিশ্চিত করা এবং দাপ্তরিক কাজে গতি আনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে—কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে (যেমন: সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ, ব্যাংক, হাসপাতাল বা বিদ্যালয়ে যাওয়া) ব্যস্ত হয়ে পড়েন। ফলে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এই অবস্থা দূর করতে সকলকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাপ্তরিক অন্যান্য কর্মসূচি এমনভাবে সাজাতে হবে যাতে এই সময়সীমা বিঘ্নিত না হয়।
আরও পড়ুন: রাজধানীর বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ
পরিপত্রে আরও বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে আসা-যাওয়া বাধ্যতামূলক। ভিভিআইপি/ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্র ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না। দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন অফিস ত্যাগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































