মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা-newsedge4

মাদারীপুরের রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে এ হামলা হয়।

হামলায় আহত মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুর ইসলাম (২৩) ও কিরণ আক্তার (২৬) মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া, সদস্যসচিব মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম ও মিথিলা ফারজানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল রাজৈর উপজেলার পাঁচ শহীদ ও আহত শিক্ষার্থীর বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে পিকআপ ভ্যানে মাদারীপুর শহরে ফিরছিল। পথে ছাগলছিড়া এলাকার একটি রেস্তোরাঁয় বিরতি দেওয়ার সময় একটি বাসের কর্মীরা ছাত্রদের উদ্দেশে কটূক্তি করে। এর প্রতিবাদে কয়েকজন ছাত্র বাসে উঠলে বাসের শ্রমিক ও রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে ছাত্রদের ওপর আক্রমণ করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

মাদারীপুর জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার জানান, দুজন ছাত্রনেতা হাসপাতালে ভর্তি আছেন, এবং আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহাঙ্গীর আলম বলেন, “হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আমরা গোপালগঞ্জের মুকসুদপুর থানার সঙ্গে যোগাযোগ করেছি। আহত ব্যক্তিরা অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *